শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

রোকেয়া কালেকটিভ প্রতিনিধি
শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ করতে গিয়ে রাজধানীর শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা | ছবি: রোকেয়া কালেকটিভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ করে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন তারা। প্রায় দুই ঘণ্টা কর্মসূচি পালনের পর সন্ধ্যার আগে সেখান থেকে সরে গেলে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেয় এবং ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কর্মসূচি শেষ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রব্বানী হোসেন বলেন, শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে চলে যাওয়ায় সড়ক খুলে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তবে কর্মসূচি শেষ করলেও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, আগামীকাল এইচএসসি পরীক্ষা থাকায় আজকের কর্মসূচি শেষ করেছেন তারা। তবে তাতের দাবি বহাল থাকবে।

এর আগে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে মিছিল শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশের ব্যারিকেডে তাদের অগ্রযাত্রা থেমে যায়।

শিক্ষার্থীদের আগমনের আগে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষা ভবন মোড়ে লোহার ব্যারিকেড বসিয়ে শেকল ও তালা দিয়ে আটকে দেয় পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়।

বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা ব্যারিকেডের সামনে পৌঁছে অবস্থান নেন। এ সময় তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। অবস্থানকালে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের মান ও ত্রুটি নিয়ে অসন্তোষ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।