হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণ গেল ৭৭৯ জনের

রোকেয়া কালেকটিভ প্রতিবেদক
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণ গেল ৭৭৯ জনের
ছবি: এআই/ রোকেয়া কালেকটিভ গ্রাফিক্স

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৯৭ জনের এবং উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় তিন শিশু, খুলনায় দুই শিশু এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ শিশু। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯৫ শিশুর।

একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ শিশুর। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ১০৪ জনের। সব মিলিয়ে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ২৪২ জন।

এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭ হাজার ৮১৯ শিশু। তাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।