শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেড, বাধার মুখে শিক্ষার্থীদের লংমার্চ

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে ‘লংমার্চ’ করতে গিয়ে রাজধানীর শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) বিকেলে সেখানে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে স্লোগান দেন তারা।
এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর বিকেল ৩টা ৫ মিনিটে তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।
পরে শিক্ষার্থীরা সেখানেই অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা জানান, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করেছেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, বেলা ২টা ৩৫ মিনিটের দিকে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে সড়ক অবরোধ করেন। ১৫ থেকে ২০ মিনিট পর তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেওয়ার পর ওই এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এদিকে একই সময়ে রাজধানীর উত্তরাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা একটার পর থেকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে দুপুর দেড়টার দিকে তারা সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে থাকা ভুল ও প্রশ্নের মান নিয়ে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের সম্পর্কে করা মন্তব্যের জেরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
মঙ্গলবারও একই দাবিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেদিন রাতেই তারা ঘোষণা দেন, নির্ধারিত পরীক্ষা স্থগিত না হলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করবেন।
এদিকে শিক্ষার্থীদের নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে মঙ্গলবার জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তবে তার এই বক্তব্যের পরও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন।






