বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব এমবাপের, প্যারাগুয়ের সিনেটরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে ফ্রান্স

বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর দেশটির সিনেটর সেলেস্তে আমারিলার বর্ণবাদী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। একই সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এ ঘটনায় ফৌজদারি অভিযোগ দায়েরের উদ্যোগ নিয়েছে।
গত শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে এমবাপের পেনাল্টির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিনেটর সেলেস্তে আমারিলা এমবাপেকে ‘উপনিবেশিক ক্যামেরুনিয়ান, যিনি নিজেকে ফরাসি হিসেবে জাহির করার চেষ্টা করছেন’ বলে মন্তব্য করেন। তিনি এমবাপেকে ‘ভাষাজ্ঞানহীন বর্বর’ বলেও আখ্যা দেন। এমনকি প্যারাগুয়ের খেলোয়াড়দের ম্যাচ শেষে এমবাপেকে থাপ্পড় মারা উচিত ছিল বলেও লেখেন।
এর জবাবে এমবাপে এক বিবৃতিতে বলেন, ‘ম্যাডাম সেলেস্তে আমারিলা, আপনি একজন নীচ নারী এবং আপনার পদের অযোগ্য। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না। যে দেশটি পুরো টুর্নামেন্টজুড়ে আবেগ ও সম্মানের সঙ্গে লড়েছে, আপনার বক্তব্য সেই দেশকে প্রতিনিধিত্ব করে না।’
তিনি আরও বলেন, ‘আপনার প্রকাশ্য বর্ণবাদী আচরণের কারণে বিশ্ব এখন প্যারাগুয়ের ফুটবলারদের অসাধারণ লড়াইয়ের বদলে একজন দায়িত্বজ্ঞানহীন রাজনীতিকের কথাই মনে রাখবে। আমি কখনোই এমন মানুষদের ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা দেব না।’
ঘটনার পর ফরাসি ফুটবল ফেডারেশন মন্তব্যগুলোকে ‘সম্পূর্ণ ঘৃণ্য ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জানায়, বিষয়টি সরকারি কৌঁসুলির কার্যালয়ে পাঠানো হবে।
সংস্থাটি এক বিবৃতিতে বলে, ‘এই মন্তব্যগুলো অপরাধমূলক ও নিন্দনীয়। এগুলোর বিচার হওয়া উচিত। ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়দের লক্ষ্য করে এমন মন্তব্য আমাদের দেশকেও অপমান করে।’
এদিকে প্যারাগুয়ে সরকারও সিনেটরের বক্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। এক বিবৃতিতে সরকার জানায়, তারা এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছে এবং তা প্রত্যাখ্যান করছে। এসব বক্তব্য শান্তিপূর্ণ সহাবস্থান, মানব মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার নীতির পরিপন্থী।
সরকার আরও জানায়, সিনেটরের বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত, এটি প্যারাগুয়ে সরকার বা দেশটির জনগণের অবস্থান নয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফোন করে এমবাপের প্রতি সমর্থন জানিয়েছেন এবং বর্ণবাদী মন্তব্যের নিন্দা করেছেন।
মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে ম্যাক্রোঁ লেখেন, ‘কিলিয়ান এমবাপের আরও একটি গোল, এবার বর্ণবাদের বিরুদ্ধে। আমার পূর্ণ সমর্থন তাঁর সঙ্গে। যখন ঘৃণার ভাষা উচ্চারিত হয়, তখন আমাদের জবাব হতে হবে মর্যাদা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ব।’
প্যারাগুয়ের জাতীয় কংগ্রেসের সভাপতি বাসিলিও নুনেজও সিনেটরের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘বর্ণবাদ, বিদেশিবিদ্বেষ কিংবা সহিংসতায় উসকানি দেওয়ার কোনো স্থান নেই। এসব বক্তব্য প্যারাগুয়ের জনগণের মূল্যবোধের প্রতিফলন নয়। রাজনীতি ও খেলাধুলাকে আলাদা রাখা উচিত।’
ফ্রান্সের সহকারী কোচ গাই স্টিফেনও ঘটনাটিকে ‘লজ্জাজনক, জঘন্য ও আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন।







